ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাঅনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের চেষ্টা

অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের চেষ্টা

নিউজ ডেস্ক: নিয়ম অমান্য করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদে স্থায়ী নিয়োগের জন্য এক প্রার্থীর অনলাইনে মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সরাসরি উপস্থিত হয়ে ভাইভা দেওয়ার নিয়ম থাকলেও ওই প্রার্থী কানাডায় অবস্থান করায় অনলাইনে তাঁর ভাইভা নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইনে এ ধরনের অনলাইন ভাইভা নেওয়ার কোনো বিধান নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ৩৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদে স্থায়ী নিয়োগের জন্য গত ২১ নভেম্বর মৌখিক পরীক্ষা হয়। এ পদে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাইরে থেকে ১০ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৯ জন সশরীরে ভাইভায় অংশ নেন। অন্য প্রার্থী মাহফুজুর রহমান অনলাইনে ভাইভায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে।

মাহফুজুর রহমান কানাডার ডালহৌসি ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অস্থায়ীভাবে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্থায়ী সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন করা চারজন অভ্যন্তরীণ প্রার্থীর মধ্যে তিনি একজন। অন্য তিনজন হলেন মাশিয়াত জাহিন, সাবিকুন নাহার বিপাশা ও নিশাত নিগার।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে সাধারণত সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইনে ভাইভা নেওয়ার কোনো সুযোগ বিশ্ববিদ্যালয়ের আইনে নেই। তবে কোনো পদে আপগ্রেডেশন বা পদোন্নতির বিষয় থাকলে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে বলে জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেও জানা গেছে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনলাইনে ভাইভা নেওয়ার নজির তাদের জানা নেই। এ ছাড়া সরকারি চাকরি আইন, ২০১৮-তেও অনলাইনে ভাইভা বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে অনলাইনে ভাইভা নেওয়ার এ ধরনের কোনো নিয়ম নেই। তবে এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতাবলে নেওয়া হয়ে থাকতে পারে।’

সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে উপস্থিত হয়ে ভাইভা দিতে হয়। তবে যেসব প্রার্থী উচ্চশিক্ষা (পিএইচডি/পোস্ট-ডক) বা গবেষণার কাজে বিদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে আবেদন সাপেক্ষে এবং সিলেকশন বোর্ডের অনুমতি থাকলে অনলাইন ভাইভা নেওয়ার নজির রয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতেই বিদেশে অবস্থানরত প্রার্থীদের জন্য অনলাইন ভাইভার শর্ত উল্লেখ থাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো নির্দেশনা দেওয়া ছিল না। এমনকি বিগত সিন্ডিকেট সভাতেও এ বিষয়ে কোনো আইন করা হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করিমের ভাষ্য, মার্কেটিং বিভাগের একজন শিক্ষক চলে যাওয়ায় সহকারী অধ্যাপকের একটি পদ খালি হয়েছে। যারা প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক হয়েছেন, তাদের পদায়ন (প্লেসমেন্ট) করার জন্যই এই নিয়োগ। এখানে অনলাইনে ভাইভা নেওয়া যায়। তাঁকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই অনুমোদন দিয়েছে। তিনি বলেন, নিয়োগের প্রত্যেকটা কাজের জন্য সিন্ডিকেটের অনুমোদন নিতে হয়। এটাও সিন্ডিকেট চূড়ান্ত করবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular