নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননস্থলে গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণের পরবর্তী সার্ভে কার্যক্রম চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ওই স্থানের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভে কার্যক্রম চলছিল। এ সময় হঠাৎ গ্যাসের বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে বাপেক্সের সাত সদস্য আহত হন।
আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে গ্যাসে আগুন ধরে যায়। টানা ৩১ দিন পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষ কারিগরি উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।-
আগুন নিয়ন্ত্রণের পর কূপটির নিরাপত্তা নিশ্চিত করা, গ্যাসের প্রকৃতি নির্ধারণ ও সম্ভাব্য গ্যাসের উৎস সম্পর্কে অনুসন্ধানে কারিগরি কার্যক্রম চালানো হচ্ছে।