ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে আবারও মাঠে নামার জন্য নিজের সাধ্যের সবকিছু করার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই ফুটবলার।
গত সপ্তাহে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচে পায়ের পেশিতে চোট পান রাফিনিয়া। ফলে চলমান বিশ্বকাপে তার মাঠে ফেরা এখন সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াই।
স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাফিনিয়া বলেন, ‘আমি সবসময় নিজের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করি এবং উন্নতির জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরতে আমি আমার সাধ্যের সবকিছু করব। সতীর্থদের পাশে থেকে দলের লক্ষ্যের জন্য লড়াই করতে চাই। এই জার্সির মর্যাদা রক্ষা এবং ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমি মানসিকভাবে শক্ত আছি।’




