ইকুয়েডর ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালালেও এলয় রুম ছিলেন যেন অদম্য প্রাচীর। তার অসাধারণ ক্ষিপ্রতা, অবস্থানজ্ঞান ও আত্মবিশ্বাসী গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ডরা।
বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপারের জন্ম নেদারল্যান্ডসের নিমেগেন শহরে। ডাচ ক্লাব ‘ভিতেসে’-এর অ্যাকাডেমি থেকেই তার ফুটবলের হাতেখড়ি। একসময় নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২০ দলের হয়ে একটি ম্যাচ খেললেও ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে কুরাসাওয়ের হয়ে তার অভিষেক ঘটে। বর্তমানে দেশের জার্সিতে ৭২টি ম্যাচ খেলে লিয়ান্দ্রো বাকুনার সাথে যৌথভাবে তিনিই কুরাসাওয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
ইকুয়েডরের বিপক্ষে এক ম্যাচে ১৫টি সেভ করায় রোম ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের গড়া সর্বোচ্চ ১৬টি সেভের রেকর্ডের একদম কাছাকাছি পৌঁছে গেছেন।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একাই দেয়াল হয়ে দাঁড়িয়ে ৩৭ বছর বয়সে ফুটবল দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন এই ডাচ-কুরাসাওয়ান প্রাচীর।




