ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে বাসার গেটে তালা, ১২ ঘণ্টা অবরুদ্ধ একই পরিবারের ১৩ জন

লক্ষ্মীপুরে বাসার গেটে তালা, ১২ ঘণ্টা অবরুদ্ধ একই পরিবারের ১৩ জন

জমি নিয়ে বিরোধের জেরে মার্কেটের দোকানেও তালা, পুলিশ গিয়ে উদ্ধার করল ৯ নারী, ৩ শিশু ও এক বৃদ্ধকে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাসার মূল ফটকে তালা ও বালুর বস্তা ফেলে একই পরিবারের ১৩ সদস্যকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই সঙ্গে ভবনের মার্কেটের সব দোকানেও তালা লাগিয়ে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুন মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে। পরে মার্কেটের সামনে থেকে বালুর বস্তা সরিয়ে নেওয়া হয়। অবরুদ্ধ ব্যক্তিদের মধ্যে ছিলেন ৯ জন নারী, তিনটি শিশু ও একজন বৃদ্ধ।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন, তোফায়েল আহমেদ ও মো. মোহনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪৮ শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে ভুক্তভোগী পরিবার। তাঁদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভবনটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে পরিবারের সদস্য রহিমা বেগমের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই দিন রাতে বাসার মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মার্কেটের দোকানগুলোতে তালা এবং বাসার গেট ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অবরুদ্ধ রহিমা বেগম, মুন্নীসহ পরিবারের কয়েকজন সদস্য জানান, জামাল, তারেক, রুবেল ও তোফায়েলসহ ১৫ থেকে ২০ জন এসে বাসার গেট ও মার্কেটের দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। পরে গেট ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে তাঁদের বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় তাঁদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

তবে অভিযুক্ত পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার বাবার সম্পত্তি রহিমা বেগমরা দখল করে রেখেছেন। তাঁদের কাছে কোনো কাগজপত্র নেই। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ডেকে তালা খুলে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular