ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এবং ওপেনার ট্রাভিস হেড। মার্শের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি মার্শ ও হেড। গোড়ালির চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় আছেন মার্শ, আর ব্যক্তিগত কারণে ছুটি পেয়েছেন হেড।
পাকিস্তান সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও তরুন ব্যাটার ওলি পিক এবং অলরাউন্ডার ম্যাচ শর্ট দলের সঙ্গেই থাকছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেললেও এখনও সীমিত ওভারের আন্তর্জাতিক অভিষেক না হওয়া অফ-স্পিনার টড মারফিকে সাংঘার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তানভীর সাংঘা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে এবং সে সফরের বাকি অংশে আর খেলতে পারবে না।’ তিনি যোগ করেন, ‘আমরা আশা করেছিলাম মার্শ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবে। কিন্তু গোড়ালির চোট থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে তার এখনও সময় লাগছে।’
হেডকে নিয়ে ডোডেমেইড বলেন, ‘বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই স্কোয়াডেই ট্রাভিস হেডকে রাখা হয়েছিল। তবে পরে তাকে ব্যক্তিগত কারণে দুই সিরিজ থেকেই ছুটি দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
হ্যাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশানে, টড মারফি, ওলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।




