ক্রীড়া ডেস্ক: চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে একমাত্র নারী মেডিকেল প্রধান হিসেবে ইতিহাস গড়েছেন কুরাসাও জাতীয় ফুটবল দলের চিকিৎসক ড. সুজান হুরম্যান।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরে কোনো জাতীয় দলের মেডিকেল টিমের নেতৃত্বে থাকা একমাত্র নারী হিসেবে তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন।
পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার
বিশ্বকাপের প্রায় ৯৬ বছরের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা, যখন কোনো নারী চিকিৎসক জাতীয় দলের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ড. হুরম্যানের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বিশ্ব ফুটবলে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে।
চলতি বিশ্বকাপের সবচেয়ে ছোট অংশগ্রহণকারী দেশ কুরাসাও। সেই দলের চিকিৎসা বিভাগের নেতৃত্ব দিয়ে ড. সুজান হুরম্যান কেবল নিজের দক্ষতার স্বাক্ষরই রাখেননি, বরং আগামী প্রজন্মের নারী চিকিৎসক ও ক্রীড়া পেশাজীবীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
তার এমন সাফল্য প্রমাণ করে, মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ থাকলে লিঙ্গ কোনো বাধা নয়। ক্রীড়াজগতের সবচেয়ে বড় মঞ্চেও নারীরা সমান দক্ষতায় দায়িত্ব পালন করে নতুন ইতিহাস রচনা করতে পারেন।




