দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার ২০২৫’-এ সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হামজা চৌধুরী। এ অনুষ্ঠানে একাই তিনটি বড় পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন জাতীয় ফুটবল দলের এই তারকা।

শুক্রবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় জমকালো এ অনুষ্ঠান।
এ অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ সম্মান জিতে নেন হামজা। এই লড়াইয়ে তিনি পিছনে ফেলেছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে। শুধু তাই নয়, ক্রীড়াপ্রেমীদের ভোটে জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও। পাশাপাশি ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের সম্মাননা। সব মিলিয়ে ত্রিমুকুটে এবারের আসরে যেন হামজারই রাজত্ব।
পুরস্কার জয়ের পর ভিডিও বার্তায় হামজা বলেন, ‘এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত। পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ। সারা বছর তারা আমাকে ও জাতীয় দলকে যেভাবে সমর্থন দিয়েছেন, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গণের বড় অর্জন। আগে ফুটবলার হিসেবে এখানে এসেছি, এখন মন্ত্রী হিসেবে এলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের অর্জন।’ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ।




