ক্রীড়া ডেস্ক: শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। এক দশকের সোনালি অধ্যায়ের ইতি টেনে পেপ গার্দিওলা বিদায় বলছেন ম্যানচেস্টার সিটিকে। মৌসুম শেষেই ইতিহাদ স্টেডিয়ামের ডাগআউটে আর দেখা যাবে না আধুনিক ফুটবলের এই মহারথীকে।
গার্দিওলা বলেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি হতো, তাহলে এখানেই থেকে যেতাম। তবে এই ক্লাব, এখানকার মানুষ, স্মৃতি আর ভালোবাসা সারাজীবন আমার সঙ্গে থাকবে।’
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাফল্যের পর ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছিলেন গার্দিওলা। এরপর বদলে যায় ক্লাবটির ইতিহাস। তার হাত ধরে ছয়টি ইংল্যান্ডের শীর্ষ লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ মোট ২০টি ট্রফি জেতে সিটি। ২০২২-২৩ মৌসুমে সিটিকে ঐতিহাসিক ট্রেবলও এনে দেন তিনি।
তবে টানা চারবার লিগ জয়ের পর গত দুই মৌসুমে আর শিরোপা ধরে রাখতে পারেনি সিটি। চলতি মৌসুমে ঘরোয়া দুটি কাপ জিতলেও বোর্নমাউথের সঙ্গে ড্রয়ের পর শেষ হয়ে যায় গার্দিওলার সপ্তম লিগ শিরোপার স্বপ্ন। সেই সুযোগে ২২ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতে আর্সেনাল।
আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হবে ইতিহাদে গার্দিওলার শেষ উপস্থিতি। আবেগঘন সেই বিদায়ের অপেক্ষায় এখন ফুটবলবিশ্ব।
তবে সিটির সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হচ্ছে না তার। কোচের দায়িত্ব ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের বৈশ্বিক দূত হিসেবে কাজ চালিয়ে যাবেন গার্দিওলা। ক্লাবগুলোর কারিগরি ও কৌশলগত দিকনির্দেশনাতেও থাকবেন যুক্ত। ব্রিটিশ গণমাধ্যমের খবর, সিটির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এনজো মারেস্কা। ট্রেবলজয়ী মৌসুমে গার্দিওলার সহকারী ছিলেন তিনি।




