গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে এ বছর জলপাইয়ের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার প্রায় ৭ হাজার ৪০০ টন জলপাই উৎপাদিত হয়েছে।
গত বছর বাগান থেকেই প্রতি কেজি জলপাই ২০-২৫ টাকায় বিক্রি হলেও এ বছর পাইকারি বাজারে তা মাত্র ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় আচার কোম্পানিগুলো জলপাই না কেনায় এবং সিলেট হয়ে লন্ডন ও মালয়েশিয়ায় রপ্তানি বন্ধ থাকায় বাজারে এই ধস নেমেছে। পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় স্থানীয় আড়তদার ও পাইকাররাও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
তবে কৃষকরা নামমাত্র মূল্য পেলেও মধ্যস্বত্বভোগীদের কারণে খুচরা বাজারে জলপাই ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই ফলটির ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং লোকসান এড়াতে স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।



